শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করলে আর্থিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে অবৈধ বিক্ষোভ অনুমোদন দেবে, তাদের ফেডারেল ফান্ডিং (যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা) বন্ধ করার জন্য তিনি পদক্ষেপ নেবেন। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যেকোনো কলেজ, স্কুল বা বিশ্ববিদ্যালয় যারা অবৈধ বিক্ষোভের অনুমতি দেবে, তাদের সমস্ত ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। উত্তেজনা সৃষ্টিকারীদের কারাগারে পাঠানো হবে অথবা যেখান থেকে তারা এসেছে, সেখানে স্থায়ীভাবে ফেরত পাঠানো হবে।”

তিনি আরও লেখেন, “আমেরিকান শিক্ষার্থীদেরও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে অথবা অপরাধের মাত্রা অনুযায়ী গ্রেপ্তার করা হবে। কোনো মুখোশ পরা চলবে না! সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য ধন্যবাদ।”

ট্রাম্পের এই পোস্টটি তখন দেওয়া হলো, যখন একদিন আগেই বেশ কয়েকটি ফেডারেল সংস্থা ঘোষণা করেছে যে, তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা চুক্তি ও অনুদান পর্যালোচনা করছে। ক্যাম্পাসে ইহুদিবিরোধিতার অভিযোগের কারণে ওই চুক্তিগুলো অব্যাহত রাখা হবে কি না, তা নিয়েও ভাবা হবে।

ট্রাম্প আগেও একই ধরনের মন্তব্য করেছেন। যেখানে তিনি বলেছেন, যারা বিক্ষোভে জড়িত, এমন বিদেশি শিক্ষার্থীদের তিনি দেশে ফেরত পাঠাবেন।

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প এক অনুষ্ঠানে ডোনারদের উদ্দেশে বলেছিলেন, “যে শিক্ষার্থী বিক্ষোভ করবে, আমি তাদের দেশ থেকে বের করে দেব।” বিদেশি শিক্ষার্থীরা এটা শোনার পর তারা ঠিক মতো আচরণ করবে বলে জানান তিনি।

ট্রাম্পের সর্বশেষ এই হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান বার্নার্ড কলেজের একজন কর্মীকে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীরা আহত করে। ওই ব্যক্তিকে হাসপাতালে নিতে হয়। বিক্ষোভকারীরা একটি ভবনে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।