গাজীপুরে চিলহাটি এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের লাইনে চলছে না ট্রেন প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ ঢাকা-টাঙ্গাইল রেল রুটের গাজীপুরের সালনা এলাকায় চিলহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে লাইনচ্যুত বগি থেকে আলাদা করে ঢাকাগামী আন্তঃনগর চিলহাটি এক্সপ্রেস জয়দেবপুর জংশনে ৩টা ৫১ মিনিটে প্রবেশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বগিগুলো লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বিকাল ৪টায় জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের জন্য কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন ইতিমধ্যে তেজগাঁও স্টেশন অতিক্রম করেছে। নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলহাটি এক্সপ্রেস ট্রেন দুপুর আড়াইটা দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছলে ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত চারটি বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: উত্তরবঙ্গগামীএক্সপ্রেসচিলহাটি