শাহজালালে ২ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।

সোমবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে তার লাগেজে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়েছে।

মো. সুমন নামের ওই যাত্রীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামে।

বরুণ দাস বলেন, সুমন মালয়েশিয়া থেকে বাটিক এয়ারের একটি ফ্লাইটে (ওডি-১৬২) রোববার রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামেন।

“তার ব্যাগেজ স্ক্যানিং করে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ ১ হাজার ২৮৬ গ্রাম সোনা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।“

সোনা জব্দের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।