চীনা ব্যবসায়ীদের সফরে নতুন আশা দেখছেন বিডা চেয়ারম্যান প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৫ চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ সফরে বিনিয়োগে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, “এত বড় প্রতিনিধি দল, একটা দেশ থেকে আমরা আগে কখনো দেখিনি। আমরা একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। আমরা একটা নতুন মাত্রার আগ্রহ চীনা বিনিয়োগকারীদের থেকে দেখতে পাচ্ছি। সেই আগ্রহের ফলাফল হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম।” রোববার ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন চৌধুরী আশিক। শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি দল নিয়ে তিন দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছান। বিডা চেয়ারম্যান বলেন, “আজকে সর্বমোট চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। বাংলাদেশেরও অনেক ব্যবসায়ী, বিনিয়োগকারী ছিলেন। সবমিলিয়ে প্রায় ৫০০ এর মতো অতিথি অংশ নিয়েছেন। “চীনের যে কোম্পানিগুলো এসেছিল, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন খাতে বেশ বড় ধরনের কোম্পানি। আজ বেশ কিছু বিটুবি এবং বিটুজি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।” দিনভর ওই প্রতিনিধিদলের সঙ্গে ১৫০টির বেশি বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা তাদের এই সহায়তাটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের যারা বাংলাদেশি ভালো ব্যবসায়ী বেসরকারি খাতে, তাদের সাথে যাতে ওনারা (চীনা ব্যবসায়ীরা) যৌথ উদ্যোগ বা অংশীদারিত্ব যেতে পারেন। প্রায় ১৫০টির বেশি এ ধরনের বৈঠক হয়েছে আজকে।” চীনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। SHARES জাতীয় বিষয়: চৌধুরীবিডারবিনিয়োগ