কোরবানির প্রথম মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

কোরবানির প্রথম মাংস সাধারণত ঝোল ঝোল করে রান্না করা হয়। জ্বাল দিয়ে দিয়ে বেশ কয়েকদিন এই মাংস খাওয়া হয়। ফলে ঝোল কিছুটা বেশি রাখা হয়। আবার খিচুড়ি, পোলাও কিংবা চালের রুটি দিয়েও মাংসের ঝোল খাওয়া হয় ঈদের সময়। জেনে নিন কীভাবে দেশি স্টাইলে রান্না করবেন গরুর মাংসের ঝোল।

হাড় ও চর্বিসহ দেড় কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে এক কাপ তেল দিন। তেল গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি, দুটি তেজপাতা, তিন টুকরা দারুচিনি, ৭/৮টা এলাচ, ১০/১২টি গোলমরিচ ও ৭/৮টি লবঙ্গ দিন। সব একসঙ্গে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে দেড় টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা দিন। মসলা নেড়েচেড়ে ভেজে নিন। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিন। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ৫ মিনিট কষিয়ে নিন মসলা। তেল উঠে গেলে মাংস দিয়ে নেড়ে মিশিয়ে নিন। চুলার জ্বাল বাড়িয়ে হাঁড়ি ঢেকে ৫ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা তুলে নেড়ে দিন। মাংস থেকেই পানি বের হবে। চুলার জ্বাল কিছুটা কমিয়ে এই পানিতেই সেদ্ধ করুন মাংস। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। মাংস আশি শতাংশ সেদ্ধ হওয়ার পর আধা কেজি সেদ্ধ আলু দিয়ে দিন। আরও ৫ মিনিট কষিয়ে নিন। যতটুকু ঝোল চান সেই অনুযায়ী ফুটন্ত গরম পানি দিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে চুলা থেকে নামিয়ে নিন।