সমর্থকদের কাছে লিটনের দুঃখপ্রকাশ প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর করেও লাভ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের পরাজয়ে হোয়াইটওয়াশ হয়েছে। প্রত্যাশা মেটাতে না পারায় লাহোরে উপস্থিত বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘দর্শকরা অসাধারণ ছিল, সবাই সমর্থন দিয়েছে। দুই দলকেই সমর্থন দিয়েছে। খুব উপভোগ করেছে খেলা। আশা করি, পাকিস্তান আবার যখনই খেলবে, তারা মাঠে খেলা দেখবে। তবে বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা কোনও ম্যাচ জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াবো।’ টস হেরেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশ দারুণ ব্যাটিং প্রদর্শনী করেছে। ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ১১০ রানের বিধ্বংসী জুটির কল্যাণে। পারভেজ ৩৪ বলে খেলেছেন ৬৬ রানের বিস্ফোরক ইনিংস। তানজিদ ৩২ বলে করেছেন ৪২। পরে অবশ্য বাংলাদেশের বোলিংকে পাত্তা না দিয়ে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে স্বাগতিক দল। লিটন ব্যাটিং নিয়ে খুশি হতে পারলেও বোলিংকে ঠিকই কাঠগড়ায় তুলেছেন, ‘অবশ্যই হতাশ। আমরা ভালো বোলিং করিনি। প্রথম দুই ম্যাচে ব্যাটিং আর ফিল্ডিং ভালো করিনি। এই ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছি। তবে ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করতে হয়, আমাদের শিখতে হবে। একেক ব্যাটসম্যানের একেক রকম শক্তি ও দুর্বলতা। সেসব নিয়ে ভাবতে হবে এবং ওই অনুযায়ী বোলিং করতে হবে।’ Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: দুঃখপ্রকাশসমর্থন