বড় অঙ্কের জরিমানা গুনলেন শ্রেয়াস ও পান্ডিয়া

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

চলতি আইপিএলের কোয়ালিফায়ার ২ এর ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

পাঞ্জাব কিংসের এটি চলতি মৌসুমে দ্বিতীয়বার ধীর ওভার রেটের অপরাধ হওয়ায়, আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দলের অন্যান্য খেলোয়াড়দের, ইমপ্যাক্ট প্লেয়ারসহ, ৬ লাখ বা তাদের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের এটি তৃতীয়বার ধীর ওভার রেটের অপরাধ হওয়ায়, পান্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দলের অন্যান্য খেলোয়াড়দের, ইমপ্যাক্ট প্লেয়ারসহ, ১২ লাখ বা তাদের ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০৩ রান সংগ্রহ করে। পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ১৯ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়, ফলে তারা ২০১৪ সালের পর প্রথমবার আইপিএল ফাইনালে ওঠে।

আগামী ৩ জুন ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।