ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় শুল্ক ছাড় প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক মওকুফ করার প্রস্তাব করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর করের বোঝা কিছুটা কমানো হবে। বর্তমানে এক লাখ টাকার বেশি জমায় ১৫০ টাকা আবগারি শুল্ক ধার্য হয়, যা জমার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। বিদ্যমান নিয়ম অনুযায়ী, এক লাখ থেকে পাঁচ লাখ টাকার জমায় ১৫০ টাকা, পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকার জমায় ৫০০ টাকা, ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার জমায় ৩ হাজার টাকা, ৫০ লাখ থেকে এক কোটি টাকার জমায় ৫ হাজার টাকা এবং এক কোটি থেকে পাঁচ কোটি টাকার জমায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়। সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, জনসাধারণের ভাতা কিছুটা স্বস্তির জন্য কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে আগামী অর্থবছর থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর কোনও আবগারি শুল্ক কাটা হবে না। এই বাজেট দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। যেহেতু বর্তমানে জাতীয় সংসদ নেই, তাই বাজেট ঘোষণা সরাসরি বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আবগারিবাজেটেশুল্ক