টাইব্রেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল! প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬ স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। আজ রাতে নকআউটের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, নকআউট পর্বে যেকোনো কিছুর জন্য তারা প্রস্তুত আছেন। আনচেলত্তি বলেন, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’ ব্রাজিলের বেশির ভাগ ফুটবলারেরই ‘ফাইনাল’ খেলার অভিজ্ঞতা আছে। ক্লাব ফুটবলে এ ধরনের নকআউট ম্যাচও তারা খেলেন নিয়মিত। বিশ্বকাপের মঞ্চেও সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।’ অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন সেলেসাওদের কোচ। তিনি বলেন, ‘জাপান এমন একটা দল, যাদের সম্মান করতে হবে, আমরা তা করবও।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট পেয়েছে জাপান। SHARES খেলাধুলা বিষয়: জাপানটাইব্রেকারটাইব্রেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল!নকআউটফুটবল বিশ্বকাপ ২০২৬ব্রাজিল