সুপারকম্পিউটারের হিসেবে কার হাতে উঠছে বিশ্বকাপ? প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬ গ্রুপ পর্বের সব হিসাব-নিকাশ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন নকআউটের মঞ্চে। ৪৮ দল থেকে টুর্নামেন্ট নেমে এসেছে ৩২ দলে। আর প্রথম পর্ব শেষ হতেই শুরু হয়েছে নতুন হিসাব, শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সে প্রশ্নের উত্তর খুঁজতে আবারও মাঠে নেমেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট। তাদের সর্বশেষ সুপারকম্পিউটার পূর্বাভাস বলছে, আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে আবারও দেখা যেতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াই। মজার বিষয় হলো, নকআউট পর্বের প্রথম ম্যাচেই অপটার পূর্বাভাস মিলে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডাকে এগিয়ে রেখেছিল সুপারকম্পিউটার, আর মাঠের ফলও হয়েছে ঠিক তাই। ফলে বাকি পূর্বাভাসও নতুন করে আলোচনায় এসেছে। অপটার হিসাব অনুযায়ী, নকআউট পর্বে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে জয়ের সম্ভাবনা তাদের ৮৯.২ শতাংশ, যা শেষ বত্রিশের সব দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে খেলার সম্ভাবনা ৩০ শতাংশ। সব ক্ষেত্রেই অন্য দলের চেয়ে এগিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ফাইনালে ওঠার সম্ভাবনায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও, ট্রফি জয়ের দৌড়ে সামান্য এগিয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অপটার হিসেবে দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। শেষ বত্রিশে সুইডেনের বিপক্ষে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৮১.৫ শতাংশ। এছাড়া তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮.৩ এবং সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৭ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন (১৩.৫ শতাংশ)। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭ শতাংশ), ব্রাজিল (৬.৫ শতাংশ), নেদারল্যান্ডস (৫.১ শতাংশ), পর্তুগাল (৪.৭ শতাংশ) ও স্বাগতিক জার্মানি (৪.৪ শতাংশ)। অপটার তালিকায় কলম্বিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩.২ শতাংশ। নরওয়ের ৩ শতাংশ, যুক্তরাষ্ট্রের ২.৫ শতাংশ এবং সুইজারল্যান্ডের ২.২ শতাংশ। তুলনামূলক কম সম্ভাবনা থাকলেও নকআউটের এক ম্যাচেই এসব দল সমীকরণ বদলে দিতে পারে। অন্য দুই স্বাগতিক দেশের একটি মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। আর ব্রাজিলের বিপক্ষে শেষ বত্রিশে খেলতে যাওয়া জাপানের সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র ১ শতাংশ। তবে পরিসংখ্যান যতই আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের ইঙ্গিত দিক না কেন, বিশ্বকাপের নকআউট পর্ব বরাবরই চমকের মঞ্চ। একটি ভুল, একটি মুহূর্ত কিংবা একটি গোলই বদলে দিতে পারে পুরো সমীকরণ। শেষ পর্যন্ত সুপারকম্পিউটার নয়, মাঠের ৯০ মিনিটই বলে দেবে কার হাতে উঠবে বিশ্বসেরার মুকুট। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাগ্রুপ পর্বের সব হিসাব-নিকাশ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন নকআউটের মঞ্চেফ্রান্সবিশ্বকাপ ফুটবলব্রাজিল