ইসরায়েলে নির্মাতার বাবা-মায়ের বাড়ি ঘিরে উগ্রপন্থিদের বিক্ষোভ, হুমকি

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা নিয়ে ‘নাজা’ নামের একটি প্রামাণ্যচিত্র বেশ আলোচনায় রয়েছে। এই চলচ্চিত্রের জন্য পরিচালক র‍্যাচেল তজুর বাবা-মায়ের বাড়ির সামনে বিক্ষোভ করেছে বহু সংখ্যক ইসরায়েলি। এ সময় উগ্র ডানপন্থিরা বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড চাই বলে স্লোগান দেয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরায়েলের সাভিয়ন শহরে এ ঘটনা ঘটেছে বলে ওয়ালা নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ‘বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

‘নাজা’ মানে কী?

চলচ্চিত্রটির নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘নাজা’ হলো ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীতে ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে কোনো বিমান হামলায় কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারেন-তার সম্ভাব্য সংখ্যা বোঝানো হয়।

গত শনিবার অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নাজা’ চলচ্চিত্রটি স্পেশাল জুরি পুরস্কার পেয়েছে। চলচ্চিত্রটিতে গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে কথিত যুদ্ধাপরাধের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনাদের সাক্ষ্য তুলে ধরা হয়েছে।

ওয়ালা নিউজ জানিয়েছে, তজু ও তার সহপরিচালক ইউভাল আব্রাহামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা তার বাবা-মায়ের বাড়ির সামনে জড়ো হন। তাদের কেউ কেউ অভিযোগ করেন, চলচ্চিত্র নির্মাতারা ইসরায়েলি সেনাদের বিশ্ববাসীর সামনে ‘খুনি’ হিসেবে তুলে ধরেছেন।

কারা এই বিক্ষোভকারী?

ইসরায়েল হায়োম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভের আয়োজক এবং অংশগ্রহণকারীদের অনেকেই উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন জিউশ পাওয়ার পার্টির কর্মী ও প্রচারকর্মী।
পত্রিকাটি জানায়, বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বার্তায় সহিংসতার প্রকাশ্য আহ্বানও জানানো হয়েছিল।

এদিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের মানহানি করার অভিযোগে পরিচালক জুটি লক্ষ্য করে দুটি বিল পাশ করতে উদ্যত হয়েছে। তার এমন উদ্যোগের কথা জানানোর পরপরই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তার ওই বক্তব্যের একটি অংশ ‘নাজা’ প্রামাণ্যচিত্র নিয়ে আলোচনা করা হয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার দেশটির সামরিক বাহিনীর প্রধান আইয়াল জামির সামরিক প্রসিকিউটরকে চলচ্চিত্রটির নির্মাতাদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয় পর্যালোচনার নির্দেশ দেন। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার শিন বেতের প্রধান ডেভিড জিনিকে চলচ্চিত্রটি নিয়ে জরুরি তদন্ত শুরুর অনুরোধ জানান।

অস্কারজয়ী ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা আব্রাহাম ও তজু পরিচালিত ‘নাজা’ চলচ্চিত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের বক্তব্য রয়েছে। তারা গাজায় নিজেদের প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন। এর মধ্যে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আবাসিক এলাকা পুড়িয়ে দেওয়া এবং খাদ্য বিতরণের সময় মানুষ হত্যার ঘটনাও রয়েছে।

কেএম