সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইয়েমেনে চলমান সংঘাত যেন ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে সৌদি আরবেও ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির একটি যুদ্ধবিমান।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইতালির বার্তা সংস্থা এএনএসএর প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে কয়েক দফা হামলা হয়েছে।

ওই ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে ইতালির সেনাসদস্যরা অবস্থান করছেন।

আরও পড়ুন

বাব আল-মান্দেব ঘিরে হুথিদের আতঙ্ক, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

হামলার সময় ঘাঁটির একটি দূরবর্তী এলাকায় থাকা ইতালির এফ ২০০০ যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ ঘটনায় কোনো ইতালীয় সেনা আহত হননি বলে জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।

ক্রোসেত্তো বলেন, হামলায় ইতালীয় সেনাদের ব্যবহৃত অন্য কোনো যান বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো সেনাসদস্যও আহত হননি।

তবে, সেখানকার পরিস্থিতি ও সেখানে থাকা সেনাদের অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে পরে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও তিনি জানতে চেয়েছেন।

অন্যদিকে, ইতালির নৌবাহিনী জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ‘অপারেশন অ্যাসপিডেস’-এর অংশ হিসেবে মোতায়েন করা যুদ্ধজাহাজ কার্লো বারগামিনি বাব আল মান্দেব প্রণালি দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় ইতালির বাণিজ্যিক জাহাজ জলি ওরোকে নিরাপত্তা দিয়েছে।

একই সঙ্গে, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রণালিটিতে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে ইতালি।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদির ২৬ হামলা

২০১৫ সালে ইয়েমেনে যুদ্ধ শুরুর পর থেকেই বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে ইয়েমেন সরকার, হুথিদের বিদ্রোহী বাহিনী এবং আঞ্চলিক বিভিন্ন পক্ষ প্রণালির উপকূলের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণে ছিল।

বিজ্ঞাপন

তবে, গত কয়েক সপ্তাহে পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। বিদ্রোহী বাহিনী হুথিরা তাদের অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে। এরই মধ্যে তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ এলাকার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপও রয়েছে।

এর ফলে বাব আল মান্দেব প্রণালিতে হুথিদের চলাচলের সুযোগ আরও বেড়েছে। একই সঙ্গে প্রণালিটির আশপাশে নিজেদের অবস্থানও শক্ত করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও দেশটির আঞ্চলিক মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে হুথিরা।

আরও পড়ুন

সৌদি আরবের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান

হুথিদের হামলা থেকে নিজেদের জাহাজকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ওই এলাকায় সামরিক অভিযান চালিয়েছে। তবে ইয়েমেনে সংঘাত বাড়তে থাকায় এসব উদ্যোগের পরও নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে বাব আল মান্দেব ঘিরে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।