সমুদ্রপথে ইউরোপযাত্রা: বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের বিভিন্ন সমুদ্রপথে অন্তত ২ হাজার ২৯২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথগুলোর মধ্যে রয়েছে ভূমধ্যসাগর ও আটলান্টিকের রুটগুলো। এসব পথে ইউরোপে পৌঁছানোর আশায় প্রতি বছর হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় বের হন। চলতি বছর সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমলেও প্রাণহানির ঘটনা বেড়েছে। আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, “নিরাপদে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মানুষ এখনও উদ্বেগজনক হারে মারা যাচ্ছে এবং নিখোঁজ হচ্ছে।” তার মতে, এই পরিসংখ্যান দেখাচ্ছে যে অভিবাসনপ্রত্যাশীরা ক্রমেই আরও ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে ভূমধ্যসাগর ও আটলান্টিকের এসব রুটে মৃত বা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ১ হাজার ৯৯৯ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়েছে। অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে। এই পথ ব্যবহার করে মূলত গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। আইওএমের হিসাবে, পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে মৃত বা নিখোঁজের সংখ্যা গত বছরের ২৮৪ জন থেকে বেড়ে চলতি বছরে ৪১৭ জনে দাঁড়িয়েছে। আরও পড়ুন মিশরের মাতরুহ উপকূলে নৌকা বিকল, বাংলাদেশিসহ উদ্ধার ৫৪ এই পরিসংখ্যান ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যাচাই করা দুর্ঘটনা ও আগমনের ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করেছে। তবে আইওএম জানিয়েছে, অনেক নৌকাডুবি ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত না হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। লিবিয়া থেকে ফেরত ১৭ হাজারের বেশি ইউরোপে পৌঁছানোর অন্যতম প্রধান সমুদ্রপথ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া। লিবিয়ার কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রে ১৭ হাজার ৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করে লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। লিবিয়া থেকে ইতালি, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী। মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা অনিরাপদ নৌযানে এসব যাত্রা করায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ইউরোপে পাড়ি জমানোর বিপজ্জনক সমুদ্রপথে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সংস্থাটির তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার অভিবাসী ও শরণার্থী সমুদ্রপথে ইউরোপে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৯৮ হাজার ৪০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সমুদ্রপথে ইউরোপে আসা অভিবাসী ও শরণার্থীর সংখ্যা ৩৯ শতাংশ কমেছে। আইওএমের মতে, সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমে গেলেও বিপজ্জনক যাত্রার কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। ফলে শুধু আগমন কমানোর দিকে নজর না দিয়ে সমুদ্রপথে জীবন রক্ষা, মানবপাচার মোকাবিলা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংস্থাটি বলছে, সমুদ্রপথে অভিবাসনের পেছনে থাকা ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নিরাপদ, নিয়মিত ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো গেলে বিপজ্জনক নৌযাত্রায় প্রাণহানি কমানো সম্ভব হতে পারে। এমআরএম Download PhotoCard SHARES প্রবাস বিষয়: সমুদ্রপথে ইউরোপযাত্রা: বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু