রয়্যাল সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি গবেষক ড. রঞ্জন দত্ত প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ কানাডার আলবার্টা রাজ্যের ক্যালগেরিতে অবস্থিত মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রঞ্জন সম্প্রতি ঐতিহ্যবাহী ‘রয়াল সোসাইটি অব কানাডা’র সম্মানজনক প্ল্যাটফর্ম ‘কলেজ অব নিউ স্কলার্স, আর্টিস্টস অ্যান্ড সায়েন্টিস্টস’ এর সদস্য মনোনীত হয়েছেন। কমিউনিটিভিত্তিক দুর্যোগ গবেষণা, আদিবাসী জ্ঞান ও জলবায়ু অভিযোজনের মতো অত্যন্ত স্পর্শকাতর ও সময়োপযোগী ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করা হয়েছে। শুধু কানাডাতেই নয়, বাংলাদেশ, নেপাল, আর্কটিক অঞ্চল, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক গবেষণা সহযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন এই গুণী গবেষক। ড. দত্তের গবেষণার মূল দর্শন হলো, স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতা, তাদের ভূমিভিত্তিক জ্ঞান, স্বকীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী শাসনব্যবস্থাকে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং নীতিনির্ধারণের মূলধারায় যুক্ত করা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যে কোনো অঞ্চলের পরিবেশগত সংকট মোকাবিলায় কেবল শুষ্ক বৈজ্ঞানিক জ্ঞানই যথেষ্ট হতে পারে না; বরং যুগ যুগ ধরে সেখানে বসবাসকারী আদিবাসী ও স্থানীয় মানুষের সঞ্চিত অভিজ্ঞতাই পারে টেকসই সমাধানের পথ দেখাতে। আরও পড়ুন মিশরের মাতরুহ উপকূলে নৌকা বিকল, বাংলাদেশিসহ উদ্ধার ৫৪ তার কাজের অন্যতম প্রধান স্তম্ভ হলো ‘উপনিবেশমুক্তকরণ’ বা ডিকলোনাইজেশন। ড. রঞ্জন মনে করেন, এটি কোনো সাধারণ সরকারি নীতি বা সাময়িক প্রকল্পের বিষয় নয়। বরং এটি ভূমি, পানি, বন ও প্রকৃতির ওপর আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত অধিকার, দায়বদ্ধতা ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার একটি দীর্ঘমেয়াদি ও তাৎপর্যপূর্ণ যাত্রা। উত্তর আমেরিকার মাটিতে ড. রঞ্জন দত্তের মতো বহু নিভৃতচারী বাংলাদেশি মেধার পদচারণা রয়েছে, যাদের সাফল্যের গল্পগুলো প্রায়শই মূলধারার আলোচনার আড়ালেই রয়ে যায়। ড. দত্তও একজন প্রচারবিমুখ, নিরহংকারী ও বিনয়ী ব্যক্তিত্ব। ক্যালগেরিতে প্রবাস জীবনের প্রথম দিন থেকেই তিনি ও তার পরিবার হৃদয়ে লালন করে চলেছেন বাংলাদেশকে। গবেষণার পাশাপাশি ক্যালিগারি তথা কানাডায় বাংলাদেশি কৃষ্টি, শিল্প ও সংস্কৃতি চর্চা ও প্রসারে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। এই গুণী ও মানবিক গবেষকের সম্মাননায় আমরা গভীর আনন্দ ও গর্ববোধ করছি। তার এই অর্জন আগামী দিনের তরুণ বিজ্ঞানীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ড. রঞ্জন দত্তের বৈজ্ঞানিক গবেষণা ও সমাজসেবামূলক যাত্রা উত্তরোত্তর সমৃদ্ধ হোক, তার জন্য রইল আমাদের গভীর ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন! এমআরএম Download PhotoCard SHARES প্রবাস বিষয়: রয়্যাল সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি গবেষক ড. রঞ্জন দত্ত