মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, বন্ধু হারিয়ে কাঁদছেন নেইমার প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ঘনিষ্ঠ এক বন্ধুকে হারিয়ে কাঁদছেন নেইমার। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকার বন্ধু, ব্যবসায়ী ব্রুনো আভেলারে। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ফেরেননি। মঙ্গলবার নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো। সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। কিন্তু গন্তব্যে পৌঁছায়নি সেটি। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমোর মালিকানাধীন ছিল। বিকেলে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সময় ওই এলাকায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস ছিল। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান শুরু করেন। জিপিএস সংকেত পাওয়ার পর থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান চালানো হয়। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভেঙে পড়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি আভেলারের প্রতি শ্রদ্ধা জানান। ব্রাজিলে ফেরার পর তাকে দেওয়া সহযোগিতার জন্য বন্ধুকে ধন্যবাদ জানান নেইমার এবং তার আত্মার শান্তি কামনা করেন। নেইমারের সঙ্গে আভেলারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের বাবা ও পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামেও অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণন-সংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন আভেলার। আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোসও। ক্লাবটি জানিয়েছে, ভিলা বেলমিরো সংস্কারসহ বিভিন্ন প্রকল্পে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে ব্রাজিলের ক্লাবটি। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: বন্ধু হারিয়ে কাঁদছেন নেইমারমর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা