দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান • ফিলিস্তিন-ইসরায়েল উভয় দেশের রাজধানী হবে জেরুজালেম

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও ভূখণ্ড সংযুক্তীকরণের (অ্যানেক্সেশন) তৎপরতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে  জাতিসংঘ মহাসচিব কয়েকটি প্রস্তাব সামনে এনেছেন। এই প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইড-লাইন বৈঠকে আন্তোনিও গুতেরেস এ মন্তব্য করেছেন। কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও যুক্তরাজ্যের আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গুতেরেস বলেন, স্বাধীন, গণতান্ত্রিক, ভৌগোলিকভাবে সংযুক্ত, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্তগুলো ‘পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে’।

তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, নতুন বসতি স্থাপন এবং বসতিস্থাপনকারীদের (সেটলার) সহিংসতা পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলছে। যুদ্ধবিধ্বস্ত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলাও এর অন্তর্ভুক্ত।

দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে মূল আলোচনা

জাতিসংঘ মহাসচিবের মতে, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র বিশ্বাসযোগ্য পথ হলো দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান। এর ভিত্তি হবে- ১৯৬৭ সালের আগের সীমারেখা, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং পূর্ববর্তী চুক্তিগুলো। আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।