পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সম্মত হলেও নিজেদের পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না তেহরান। এমনটাই জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে তিনি এ কথা বলেন। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তেহরানের প্রস্তাবের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার জানান, তেহরান হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত। প্রস্তাব অনুযায়ী, চুক্তি হলে সাত দিনের মধ্যে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়া, জব্দ অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। প্রায় সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। তেহরান এই নৌপথকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের চাপ ও অবরোধের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করার হাতিয়ার হিসেবে। অন্যদিকে ওয়াশিংটন চায়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে অবাধ যাতায়াত নিশ্চিত হোক। পরমাণু কর্মসূচিতে ছাড় নয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে এ আলোচনার অর্থ নিজেদের অধিকার থেকে সরে আসা নয়। ইরানের ওই কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে তেহরান কোনো ছাড় দেবে না। এগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির মধ্যে রয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তারা বিশেষ করে ইরানের ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি তুলে ধরে। অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন বলে মনে করা হয়। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং সংঘাত বন্ধের সম্ভাব্য সমঝোতার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান