পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল দুই ভাইয়ের প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানান, বুধবার সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এসময় মাটিতে পড়ে থাকা পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লি বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তবে এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল দুই ভাইয়ের