সিবগাতুল্লাহ • বাংলাদেশের একটি গোষ্ঠী কালচারালি পশ্চিমবঙ্গকে অনুসরণ করে

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের একটা গোষ্ঠী যারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের সমাজে থাকে কিন্তু কালচারালি তারা বাংলাদেশকে অনুকরণ করে না। কালচারালি তারা পশ্চিমবঙ্গকে অনুকরণ করে।

বুধবার (৭ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ বলেন, বেঙ্গল রেনেসাঁর মাধ্যমে একটি নির্দিষ্ট চিন্তাধারায় তারা প্রভাবিত হয়েছে। তারা ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের কথা বললেও বাস্তবে ধর্মনিরপেক্ষতাকে ইসলামবিদ্বেষ হিসেবে উপস্থাপন করে। এর প্রভাব বিভিন্ন সময়ে দেশের বড় গণমাধ্যমেও দেখা যায়, যারা একই ধরনের চিন্তাধারা অনুসরণ করে।

শিবিরের সেক্রেটারি বলেন, ইসলামকে আমাদেরকে ধারণ করতে হবে খুব ভালোভাবে। বাংলাদেশের সক্রিয়তা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছু নির্ভর করতেছে আমাদের ইসলামকে ধারণ করার ওপর। শহীদ আবরার ফাহাদ আমাদের দেখিয়ে গেছেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে সাহসের সঙ্গে কথা বলা যায়।

তিনি আরও বলেন, আমাদের কালচারাল লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি একটি আনপ্যারালাল লড়াই করেছিলেন। এজন্য শহীদ শরীফ ওসমান হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। আমরা জানি, শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে। কারণ তিনি ছিলেন কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে। কালচারাল আগ্রাসন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।