ইয়াসের খান চৌধুরী • দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে। আর দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসময় প্রতিমন্ত্রী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে মন্দির পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। দুর্গাপূজার সময় আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে তা জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়গুলো জানতে পারেন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেন। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফুটেজ মোবাইল ফোনে কিংবা অনলাইন ক্লাউডে সংরক্ষণের ব্যবস্থা রাখা যেতে পারে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। প্রতিমন্ত্রী আরও বলেন, পূজার সময় সরকারি ছুটি থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ইয়াসের খান চৌধুরী জানান, জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আইনজীবী জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: ইয়াসের খান চৌধুরী • দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে