দক্ষিণ গাজায় থার্মোবারিক রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবারের (২৯ মার্চ) ওই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)। কাতারভিত্তিক সংবাদমধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের মতে, নাসের হাসপাতালের কাছে একটি বহুতল ভবন ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি থার্মোবারিক রকেট হামলা করেছেন হামাস যোদ্ধারা। আইএসডব্লিউ ও সিটিপি যৌথভাবে জানিয়েছে, রকেট বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) ছয় ইসরায়েলি সেনা হত্যা করার দাবি করে বলেছে, খান ইউনিসের আল-কারারা এলাকায় ছয় ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনাদের দলে হামলা করেছে পিআইজে। যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছে, আল-কারারা এলাকায় একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে ইসরায়েলি কর্মীদের গাড়িতে হামলা করার দাবি করেছে বামপন্থি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরায়েলযুদ্ধ