নতুন ভবন পাচ্ছে ৮ পলিটেকনিক ইনস্টিটিউট প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ একাডেমিক ভবন পাচ্ছে দেশের আটটি পলিটেকনিক ইনস্টিটিউট। এজন্য ‘কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫২ কোটি ৬৮ লাখ টাকা। চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। প্রকল্পের উপর গত ১৮ মার্চ প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভিন। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরে কমিশন। খবর সংশ্লিষ্ট সূত্রের। সভায় কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান বলেন, নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউটগুলো দেশের বৃহৎ এবং উচ্চ মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ১৯৬০-৭০ এর দশকে নির্মিত হয়েছে। ফলে অবকাঠামোগুলোর বয়স ৫২ থেকে ৬৮ বছরে দাঁড়িয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব ভবনে স্থান সংকুলান হচ্ছে না। তাই নতুন ভবন নির্মাণের প্রস্তাব করা হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর খালি জায়গায় অবকাঠামো নির্মাণ করা হবে। তাই এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কোনো প্রয়োজন নেই। ফলে প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। সভায় আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান আব্দুর রউফ বলেন, নির্ধারিত ছকে এমটিবিএফ সংক্রান্ত তথ্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) সংযুক্ত করা হয়েছে। এমটিবিএফ প্রতিবেদন মোতাবেক কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ফিসক্যাল স্পেস ঋণাত্মক বা নিম্নমুখী। প্রস্তাবিত মেয়াদকালে প্রাক্কলিত অর্থ কোনো প্রকল্প থেকে উপযোজনের মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন করা হবে, তা জানা দরকার। Download PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: ইনস্টিটিউটপলিটেকনিক