‘নতুন পথ’ খুঁজছে বিএনপি, শনিবার বিশেষ বৈঠক প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ সরকারবিরোধী আন্দোলনে যুক্ত যুগপৎ ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আলোচনা-পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠক করবে বিএনপি। শনিবার (১৮ মে) বিকালে অনুষ্ঠেয় এ বৈঠকে গত ১২ মে থেকে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচনা, পরামর্শ তুলে ধরা হবে। বিএনপির উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সূত্রগুলো বলছে, ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে যেসব আলোচনা ও পরামর্শ এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতাও যুক্ত হতে পারেন। এ ব্যাপারে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটার দায়িত্ব লিয়াজোঁ কমিটিকে দেওয়া আছে। তারা যখন স্থায়ী কমিটিকে জানাবে, তখন আমরা বলতে পারবো।’ সূত্র জানায়, লিয়াজোঁ কমিটির বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের মধ্যে আলোচনা করে পরামর্শ ও পর্যালোচনা নিয়ে মতামত দেওয়া হবে। যুগপতে যুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, প্রাথমিকভাবে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরের পরিস্থিতি নিয়ে যুগপতে যুক্ত দলগুলোর নেতারা আলোচনা করেছেন। এর মধ্যে জামায়াতঘেঁষা দলগুলো, যাদের মধ্যে কোনও কোনও দল বিলুপ্ত ২০ দলীয় জোটে ছিল, তারা আগামী দিনের আন্দোলনে জামায়াতকেও যুক্ত করার পরামর্শ দিয়েছে। SHARES রাজনীতি বিষয়: তুলেপরামর্শবৈঠক