ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন জ্বালানি কিনবে সরকার

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি কিনতে যাচ্ছে সরকার। এই পরিমাণ জ্বালানি কিনতে খরচ হবে ১ হাজার ৩৭ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, সীমান্ত ইস্যুতে বাংলাদেশ-ভারতের উত্তেজনার মাঝেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত রোববার বিপিসির পর্যালোচনা সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

এ দিকে বিপিসিতে খোঁজ নিয়েও এর সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশ না করে কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

সূত্রে জানা গেছে, এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়।

উল্লেখ্য, বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে। এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

গত বছরের আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি দুই দেশের সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর সমাধান না হতেই দেশটি থেকে ডিজেল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।