‘বেঙ্গালুরু হবে চ্যাম্পিয়ন এবং কোহলি ম্যাচসেরা’ প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫ ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ বছর পর তারা এবার লিগ পর্ব শেষ করেছে সেরা দুইয়ে থেকে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে নামছে তারা। এর আগে তাদের সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন বেঙ্গালুরুর হাতে আইপিএল ট্রফি দেখার আশা ব্যক্ত করলেন। তিনবার ফাইনালে উঠেও রানার্সআপ হওয়া বেঙ্গালুরু এবার আইপিএলে প্রথম শিরোপা জিতবে মনে করেন ওয়াটসন। আর ফাইনালে ম্যাচসেরা হবেন বিরাট কোহলি! তার মতে, প্লে-অফে জশ হ্যাজেলউড ফিরে দলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছেন। কাঁধের সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ান পেসার দেশে ফিরে যান। খেলতে পারেননি লিগের শেষ দুটি ম্যাচ। তবে প্লে-অফ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন হ্যাজেলউড। নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিওতে সাবেক অস্ট্রেলিয়ান তারকা লিখেছেন, ‘অনেক সময় ধরে ভেবেছি, এবারের আইপিএল বিজয়ী হবে আরসিবি। ম্যাচসেরা হবে বিরাট কোহলি, দুর্দান্ত মানুষ। আমার মনে হচ্ছে সময়টা আরসিবির। টুর্নামেন্টের শেষ দিকে একটু ছন্দপতন ছিল। কিন্তু জশ হ্যাজেলউড প্লে-অফের জন্য ফিরেছে, আমার বেশ ভালোভাবেই মনে হচ্ছে এই বছর তাদের।’ বেঙ্গালুরুর শেষ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিলেন ওয়াটসন। নিজের চার ওভারে দেন ৬১ রান এবং ব্যাট হাতে করেন ৯ বলে ১১ রান। তার দল হেরে যায় আট রানে। ফাইনালে ব্যর্থ হয়ে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: পর্ববেঙ্গালুরুলিগ