জবিতে ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিলো ছাত্রদল প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রিকশাচালক নিজের নাম মনির বলে পরিচয় দিয়েছেন। তিনি বরগুনার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশে অবস্থান করছি। আজ দুপুরের দিকে ওই রিকশাচালক যাচ্ছিলেন। আমরা তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।” কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পর হয়তো তাকে মারধর করা হয়েছে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, রিকশাচালককে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটকের দাবি করা হলেও তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে পুলিশ বা অন্য কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। টিএইচকিউ/জেএইচ Download PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: জবিতে ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিলো ছাত্রদল