বিশ্ববাজারে টানা চতুর্থদিন কমেছে তেলের দাম প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ বিশ্ববাজারে টানা চতুর্থদিন কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার খবরের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকায় বাজারে সরবরাহ-সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তারই প্রভাব পড়েছে তেলের দামে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবর অনুসারে, সোমবার (২১ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলারের দিকে নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম নেমেছে ৯৮ ডলারেরও নিচে। আরও পড়ুন বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা? চারদিন ধরে দাম কমায় জুনের পর সবচেয়ে দীর্ঘ দরপতনের ধারায় রয়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআই। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে তিনি ‘সম্ভবত’ রাজি হতে পারেন। এ সপ্তাহে নিউইয়র্কে ট্রাম্পের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। আরও পড়ুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো বাজারে এসব কূটনৈতিক তৎপরতাকে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে তৈরি হওয়া ঝুঁকি কমার সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। হরমুজ দিয়ে তেল সরবরাহ অব্যাহত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি জানান, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো মাইনমুক্ত রয়েছে। গত কয়েক মাসে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো এই পথ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করেছে। আরও পড়ুন বিকল্প পথে তেল পাঠাবে সৌদি আরব, কমলো দাম বাজার বিশ্লেষক জুয়ি ঝাও মনে করেন, সরবরাহ পরিস্থিতির অবনতি থেকে বাজার এখন এমন একটি পর্যায়ে যাচ্ছে, যেখানে সরবরাহ-সংকটের সবচেয়ে খারাপ সময় হয়তো পার হয়ে গেছে। তবে তার মতে, ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের আশপাশে ওঠানামা করতে পারে। দীর্ঘমেয়াদি দরপতনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বছরজুড়ে তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ সাম্প্রতিক কয়েকদিনের দরপতন সত্ত্বেও চলতি বছরে ব্রেন্ট ক্রুডের দাম এখনো প্রায় ৭০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি বাজারে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল। এই প্রণালি পারস্য উপসাগরকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করেছে। বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন এক ব্যারেল অপরিশোধিত তেলে কতটুকু পেট্রোল মেলে? এর পাশাপাশি ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: বিশ্ববাজারে টানা চতুর্থদিন কমেছে তেলের দাম