নিবন্ধন সনদ না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

রাজশাহী মহানগরীর মণিচত্বর ও সাহেববাজার এলাকায় পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে মহানগরীর মণিচত্বর ও সাহেববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ফুড ফেয়ারকে ৫ হাজার টাকা এবং মেসার্স আহার কনফেকশনারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটির পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মোড়কজাতকরণ ও পরিমাপ সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) মেহেদী হাসান।

জনস্বার্থে পণ্যের মান, ওজন ও পরিমাপ এবং মোড়কজাতকরণ সংক্রান্ত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।