ইবি উপাচার্য • ডেঙ্গু বিষয়ে সচেতন না হলে ইবিতেও ভয়াবহ পরিণতি হতে পারে

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, ডেঙ্গু শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও এর প্রকোপ দেখা দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হলে আমাদেরও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

রোববার (৪ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত তিন মাসের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি সচেতনতা র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই জায়গায় এসে সমবেত হয়।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আরও বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা একটি অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। একাডেমিক উন্নয়নের পাশাপাশি কারিকুলাম ও শিক্ষা কার্যক্রমকে আরও উপযোগী করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই। সবাই নিজ নিজ আঙিনায় পরিষ্কার রাখলে এক মাসের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পারব।’

পরে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।