নিগার ও শারমিন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নিগার সুলতানা ও শারমিন আক্তার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে দুইজনই ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন। আজ মঙ্গলবার আইসিসি নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে এখন ১৭ নম্বরে আছেন নিগার। তার ওপরে নেই বাংলাদেশের কেউ। শারমিনের অবস্থান ২৯তম। ওয়ানডেতে নিগারের আগের সেরা র্যাঙ্কিং ছিল ৪১তম। আর শারমিনের সেরা অবস্থান ছিল ৩৯ নম্বর। বাংলাদেশ নারী দল গত বৃহস্পতিবার বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে রেকর্ড ১৭৮ রানে হারায়। সেদিন ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৭১ রানের কীর্তিও গড়ে টাইগ্রেসরা। সেদিন নিগার করেন ১০১ রান। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। পরে রবিবার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ফলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার। থাইল্যান্ড ম্যাচে অপরাজিত ৯৪ রান করা শারমিনের অগ্রগতি ১১ ধাপ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটার। এদিকে আইরিশদের হারানোর পথে বড় ভূমিকা রাখেন রিতু মনি। রান তাড়ায় ৬৭ রান করে দলের জয়ে নিয়ে ফেরেন তিনি। ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার ১৬ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছেন। আর বোলারদের মধ্যে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি সেটি। আয়ারল্যান্ড ম্যাচে দুই শিকার ধরেন লেগ স্পিনার ফাহিমা। র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে আছেন তিনি। ওই ম্যাচে এক উইকেট নেওয়া সুমনা এখনও র্যাঙ্কিংয়ের প্রথম একশ জনের মধ্যে ঢুকতে পারেননি। আইরিশ ম্যাচে লেগ স্পিনার রাবেয়া খান ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। দুই ম্যাচেই কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারের ৬ ধাপ উন্নতি হয়েছে, আছেন ৬০তম স্থানে। নাহিদা আক্তার বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে। বাঁহাতি এই স্পিনারও দুই ম্যাচে পাননি কোনো উইকেট। ২ ধাপ নিচে নেমে এখন তার অবস্থান ১২তম। যথারীতি অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন। SHARES ক্রিকেট বিষয়: পারফরম্যান্সর্যাঙ্কিংয়ে