সার-তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যায্য মূল্যে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ, কালোবাজারি রোধ, কৃষি খাতের দুর্নীতি তদন্ত, ডিজেলসহ জ্বালানি তেল এবং বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি, যশোর জেলা শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারের ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডিলাররা কৃষকদের চাহিদা অনুযায়ী সার দিচ্ছেন না। ফলে সাধারণ কৃষক বাধ্য হয়ে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে খোলাবাজার বা কালোবাজার থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তিনটি ধান উৎপাদন মৌসুমে ‘প্রদর্শনী খামার’ করার কথা থাকলেও বাস্তবে তা না করে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়।

নেতৃবৃন্দ আরও জানান, আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে সেচের জন্য অত্যন্ত জরুরি ডিজেল ও বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ (লোডশেডিং) এবং জ্বালানির অস্বাভাবিক দাম ধান উৎপাদনে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে না পেরে জমি হারিয়ে ভূমিহীন হবেন। যা দেশের সামগ্রিক খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

কৃষি খাত রক্ষায় সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- কালোবাজারি বন্ধ করে ন্যায্য মূল্যে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ করা এবং অসাধু ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা। প্রদর্শনী খামারের নামে সরকারি অর্থ আত্মসাতের তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিচার করা, যথাযথ ভর্তুকি কৃষকদের প্রদান এবং অনিয়মে জড়িত ফিল্ড সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

কৃষি উৎপাদনে ডিজেল ও বিদ্যুতের মূলে্য প্রত্যক্ষ ভর্তুকি প্রদান এবং জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে বাতিল করা। ধানের লাভজনক মূল্য নির্ধারণ, ইউনিয়নে ইউনিয়নে সরকারি ধান ক্রয়কেন্দ্র স্থাপন এবং কৃষকের চাহিদা অনুযায়ী সবটুকু ধান ক্রয় করা।

স্মারকলিপি প্রদানকালে বক্তব্য দেন যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম নেতা মনোয়ারা সিদ্দিকী ছবি, বিথিকা বিশ্বাস, পলাশ বিশ্বাস, সবর বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুলসহ স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।

মিলন রহমান/কেজে