স্রোতে ভেসে যাচ্ছিল হাতির বাচ্চা, প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার জেলেদের

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কয়েকদিন ধরে সিকিমে বৃষ্টির কারণে উত্তাল তিস্তা নদী। সেই পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতির বাচ্চা। মাছ ধরতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেই অবুঝ প্রাণীটিকে উদ্ধার করেন একদল জেলে। উদ্ধারকাজে সহযোগিতা করেন রাজ্যের বন দপ্তরের কর্মীরাও। উদ্ধার করা হাতির বাচ্চার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উদ্ধারের পর হাতির বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে মা হাতি আনন্দে তিস্তার পানিতে তাকে শুঁড় দিয়ে গোসল করিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়।

আবেগঘন এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালবাজার ব্লকের ১২ নম্বর এলাকায়।

 

জানা গেছে, গত কয়েকদিনে তিস্তা নদীর পানিস্তর বৃদ্ধি পেয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) বৈকুণ্ঠপুরের জঙ্গলে সরস্বতীপুর চা-বাগান সংলগ্ন এলাকা দিয়ে তিস্তা নদী পার হচ্ছিল একটি হাতির দল। নদী পার হওয়ার সময় তীব্র স্রোতের কারণে একটি ছোট হাতির বাচ্চা তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পানির তোড়ে ভেসে যায় বাচ্চাটি।

সে সময় নদীতে মাছ ধরছিলেন পাঁচজন জেলে। হঠাৎ তাদের নজরে আসে, একটি ছোট হাতির বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে। বিপদ বুঝতে পেরে দেরি না করে তারা নৌকা নিয়ে হাতিটির দিকে ছুটে যান। এরপর তিস্তার তীব্র স্রোতের মধ্যেই হাতির বাচ্চাকে নৌকায় তুলে নিরাপদে নদীর পাড়ে নিয়ে আসেন তারা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আমবাড়ি, শালুগাড়া, বেলাকোবা, তারগাড়া ও আপালচাঁদ রেঞ্জের বিপুলসংখ্যক কর্মী। উদ্ধারের পর হাতির বাচ্চাকে দ্রুত রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা ও সেবাশুশ্রূষা করেন বনকর্মীরা।

এরপর বৈকুণ্ঠপুরের জঙ্গলে শুরু হয় মা হাতির চিরুনি তল্লাশি। বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর মা হাতির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়া হয় উদ্ধার করা হাতির বাচ্চাকে।

নিজের সন্তানকে দেখতে পেয়ে মা হাতি এগিয়ে আসে। তাকে ফিরে পেয়ে শুঁড় দিয়ে তাকে আদর ও গোসল করিয়ে ফের জঙ্গলের দিকে চলে যায়।

উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তিস্তা নদীর গাজলডোবা এলাকায় মাছ ধরতে গিয়ে জেলেদের নজরে আসে, পানিতে একটি হাসির বাচ্চা ভেসে যাচ্ছে। তিস্তার পানিতে খাবি খাচ্ছিল শাবকটি। নৌকা নিয়ে এগিয়ে গিয়ে তারা শাবকটিকে উদ্ধার করেন।

স্থানীয় পাঁচ জেলে—অজয় দাশ, মিঠু দাশ, বিশ্বনাথ দাশ, বাবলু দাশ ও গোপাল দাশ—নৌকা নিয়ে তিস্তার তীব্র স্রোতে নেমে হাতির বাচ্চাটিকে উদ্ধার করেন।