পরশুরামে এবার পুড়ল ১৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকার প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে বারবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। সর্বশেষ শনিবার (১০ অক্টোবর) ভোরে ভয়াবহ আগুনে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুঁজি ও মালামাল হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- নুরুল আমিন রবিন, মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের মিনার, মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন। এসব দোকান থেকে যে আয় হয়, তা দিয়ে তাদের সংসার চলত। আগুনে সব হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই বেশিরভাগ দোকান পুড়ে যায়। পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। বারবার আগুনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। এরও আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ওষুধ, মুদি, ফার্নিচার ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। একাধিক অগ্নিকাণ্ডে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের প্রত্যাশা করছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার দাবি উঠেছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: ক্ষতি দুই কোটি টাকারপরশুরামে এবার পুড়ল ১৯ দোকান