আর্সেনালকে হারিয়ে লিগ কাপের ফাইনালে নিউক্যাসল

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪-০ গোলে হারিয়ে ইংলিশ কারাবাও লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। ৫৬ বছর পর বড় কোনো শিরোপা জয়ের সুযোগ এসেছে ম্যাগপাইদের সামনে। আগামী ১৬ মার্চ ফাইনালে লিভারপুল বা টটেনহ্যামের বিপক্ষে খেলবে নিউক্যাসল।

সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জয়ী নিউক্যাসল বুধবার দ্বিতীয় লেগেও একই ব্যবধানে হারালো আর্সেনালকে। ১৯ মিনিটে আলেক্সান্ডার ইসাকে গোলে লিড নেয়া নিউক্যাসল ৫৩ মিনিটে পায় দ্বিতীয় গোল। আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার হাস্যকর ভুলে জয়সূচক গোলটি করেন অ্যান্টনি গর্ডন। মাত্রই আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া আর্সেনালের এই পরাজয়কে বড় ব্যর্থতা হিসেবে দেখছে গানার সমর্থকরা।

১৯৫৫ সালে এফএ কাপ জিতে সর্বশেষ ঘরোয়া ফুটবলে শিরোপা জেতে নিউক্যাসল। আর ১৯৬৯ সালে মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-ফেয়ার্স কাপই জয়ই তাদের সর্বশেষ শিরোপা।