ত্বকের উজ্জ্বলতায় প্রতিদিন ৩ লিটার পানি, ভাইরাল এই দাবি কতটা সত্য

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করার পরামর্শ প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকের ধারণা, বেশি পানি পান করলেই ত্বক হবে ঝলমলে, ব্রণ কমবে, দূর হবে বলিরেখা।

 

এমনকি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরসহ অনেক তারকাও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতার জন্য পর্যাপ্ত পানি পানের কথা বলেছেন।

ফলে অনলাইনেও জনপ্রিয় হয়েছে প্রতিদিন ৩ লিটার পানি পানের এই ধারণা। কিন্তু সত্যিই কি প্রতিদিন ৩ লিটার পানি পান করলেই পাওয়া যায় উজ্জ্বল ও দাগহীন ত্বক? নাকি এটি কেবলই একটি প্রচলিত ধারণা?

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ডার্মাটোলজিস্ট ডা. স্বেতা শ্রীধর এই বিষয়ে কথা বলেছেন।

পানি পানেই কি ত্বক উজ্জ্বল? 

ডা. স্বেতার মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি।

তবে প্রতিদিন তিন লিটার পানি পান করলেই ত্বক উজ্জ্বল, পরিষ্কার ও দাগমুক্ত হবে এমন নিশ্চয়তা নেই। 

সবার শরীরের পানির চাহিদাও এক রকম নয়। শরীরে পানির ঘাটতি দেখা দিলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখাতে পারে। এমনকি পানিশূন্যতার কারণে ত্বকে সূক্ষ্ম রেখাগুলোও তুলনামূলক বেশি দৃশ্যমান হতে পারে।

পর্যাপ্ত পানি পান করলে এ ধরনের সমস্যা কিছুটা কমতে পারে। 

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা আগে প্রয়োজনের তুলনায় কম পানি পান করতেন, তাদের ক্ষেত্রে পানির পরিমাণ বাড়ালে ত্বকের আর্দ্রতা কিছুটা উন্নত হতে পারে।

তবে যারা আগে থেকেই পর্যাপ্ত পানি পান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান করলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়বে, বলিরেখা কমবে কিংবা ত্বকে আলাদা উজ্জ্বলতা আসবে এমন দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।

প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন 

প্রতিদিন সবার জন্য তিন লিটার পানি পান করার নিয়ম নেই। বয়স, শারীরিক গঠন, দৈনন্দিন কাজকর্ম, আবহাওয়া, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে শরীরের পানির চাহিদা।

 

যেমন, গরম ও আর্দ্র আবহাওয়ায় যারা বাইরে বেশি সময় কাটান কিংবা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি পানি বেরিয়ে যায়। ফলে তাদের তুলনামূলক বেশি তরল প্রয়োজন হতে পারে।

এ ছাড়া শুধু গ্লাসভর্তি পানি থেকেই শরীরের পানির চাহিদা পূরণ হয় না। ফলমূল ও শাকসবজির মতো খাবার থেকেও শরীর পানি পায়। তাই তিন লিটারকে সবার জন্য বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

ত্বকের উজ্জ্বলতা যেসব বিষয়ের উপর নির্ভর করে 

ত্বক ভালো রাখার ক্ষেত্রে পানির ভূমিকা থাকলেও এর সুস্থতা নির্ভর করে আরও বেশ কিছু বিষয়ের ওপর। বংশগত বৈশিষ্ট্য, হরমোনের পরিবর্তন, সূর্যের অতিবেগুনি রশ্মি, ঘুম, মানসিক চাপ, পুষ্টিকর খাবার ও ত্বকের যত্ন সবকিছুই ত্বকের ওপর প্রভাব ফেলে।

বিশেষ করে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল বার্ধক্য, কালচে দাগ ও বিভিন্ন ধরনের ক্ষতির অন্যতম কারণ। শুধু বেশি পানি পান করে এসব সমস্যা দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার জরুরি।

ত্বক ভালো রাখতে 

ডা. স্বেতার পরামর্শ, ত্বক সুস্থ রাখতে প্রথমেই শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি খাবারের তালিকায় রাখতে হবে প্রোটিন, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বিসমৃদ্ধ খাবার। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ত্বকের যত্নও গুরুত্বপূর্ণ।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মৃদু ক্লিনজার ও ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষায় এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

তার মতে, কারও ত্বকে দীর্ঘদিন ধরে শুষ্কতা, ব্রণ, কালচে দাগ কিংবা অন্য কোনো সমস্যা থাকলে শুধু পানি পানের পরিমাণ বাড়িয়ে সমাধান খোঁজা উচিত নয়। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আসলে পানি পান করা ত্বকের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি পানি মানেই বেশি উজ্জ্বল ত্বক এ ধারণা ঠিক নয়। শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করাই মূল কথা।

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে পানি সাহায্য করতে পারে, তবে সুন্দর ও সুস্থ ত্বকের জন্য প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, সূর্যের আলো থেকে সুরক্ষা এবং নিয়মিত যত্ন।