গুলশানের সরকারি প্লট দখল • আজ হতে পারে সালাম মুর্শেদীসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ রাজধানীর গুলশানে ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে আজ সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে নির্ধারিত দিনে কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। ফলে নতুন করে ২১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৯ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। এ কারণে সেদিন সাক্ষ্যগ্রহণ না করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। গত ৬ জুলাই একই আদালত আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে প্রথম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত। মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার একটি পরিত্যক্ত সরকারি প্লট দখলের সুযোগ তৈরিতে জাল কাগজপত্র ও ভুয়া রেকর্ড ব্যবহারের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। পরে ওই জমি হস্তান্তরের অনুমতি ও নাম জারির প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে আব্দুস সালাম মুর্শেদীকে আসামি হিসেবে যুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, মীর মোহাম্মদ হাসান ও মীর মো. নুরুল আফছারসহ আরও কয়েকজন। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর গ্রেফতারের পর থেকে আব্দুস সালাম মুর্শেদী কারাগারে রয়েছেন। এমডিএএ/এসএনআর Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: গুলশানের সরকারি প্লট দখল • আজ হতে পারে সালাম মুর্শেদীসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ