বিশ্বকাপের ভেন্যুতে খেলছেন ঋতুপর্ণারা প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ ২০তম এশিয়ান গেমস হচ্ছে জাপানের আইচি-নাগোয়া শহরে। ৪৫ ডিসিপ্লিনের অধিকাংশ এই শহরে হলেও নারী ফুটবলের কয়েকটি ম্যাচ পাশের শহর ওসাকায়। বাংলাদেশ নারী দলের গ্রুপের সব ম্যাচ পড়েছে সেখানকার নাগাই স্টেডিয়ামে। বাইরের শহরে থাকায় গেমসের আমেজ সেই অর্থে নেই। তবে এক অর্থে ঋতুপর্ণাদের ভাগ্য ভালো। এই নাগাই স্টেডিয়াম ছিল বিশ্বকাপের ভেন্যু। ২০০২ সালে জাপান দক্ষিণ কোরিয়ার সাথে বিশ্বকাপ আয়োজন করেছিল। ওসাকার নাগাই স্টেডিয়ামে হয়েছিল কয়েকটি ম্যাচ। ২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল বিশ্বকাপের ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছিল। এক যুগ পর এশিয়ান গেমসে নারী ফুটবল দল বিশ্বকাপের আরেক ভেন্যুতে খেলছে। ঋতুপর্ণারা ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছেন নাগাইয়ে। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে প্রায় এক যুগ বিভিন্ন দেশে সফর করেছেন বাফুফের স্টাফ খালিদ মাহমুদ নওমি। বর্তমানে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা এই কর্মকর্তা সুযোগ সুবিধায় ওসাকাকে এগিয়ে রাখলেন, ‘এশিয়া কাপে আমরা অস্ট্রেলিয়ায় অনেক ভালো মাঠ পেয়েছি। জাপানের মাঠও অসাধারণ। আমরা ওসাকায় যেখানে অনুশীলন করি, সেখানে প্রায় বিশটির বেশি মাঠ। এ রকম ফুটবল পরিবেশ ও কমপ্লেক্স কখনও দেখিনি।’ অনুশীলন মাঠের পাশাপাশি নাগাই স্টেডিয়ামও বেশ আধুনিক। তবে ড্রেসিংরুমে খানিকটা অসঙ্গতি রয়েছে। ফুটবলে ২৩ জনের স্কোয়াড। একসঙ্গে ২৩ জন বসা যায় না নাগাইয়ে। এক রুমে ১৬, আরেক রুমে ৭ জন বসার ব্যবস্থা। নাগাইয়ে রয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাকও। যেখানে ২০০৭ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল। বাংলাদেশ নারী ফুটবল দল আজ বিকেলে মিয়ানমারের মুখোমুখি হবে। গত বছর এই দলকে হারিয়েই বাংলাদেশ এশিয়া কাপে খেলেছে। আজ জিতলে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া ম্যাচ ড্র হতে হবে। এজেড/এফএইচএম Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: বিশ্বকাপের ভেন্যুতে খেলছেন ঋতুপর্ণারা