অপ্রতিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান কুবি শিক্ষকরা

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও শোকর‍্যালি করেছে কুমিল্লার বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি। এসময় তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপ্রতিমের  মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন্নাহার শিলা বলেন, আমি গতকাল (রোববার) রাত ১২টা পর্যন্ত নাহিদা ম্যামের বাসায় ছিলাম। ম্যাম চান প্রয়োজনে আইন সংশোধন করে অপরাধীদের শাস্তি হোক। অপরাধী তুহিন বেশ কিছুদিন বিনা পারিশ্রমিকে ম্যামের স্বামীর ব্যবসায় কাজ করেছিলেন। ম্যাম যখন প্রক্টর ছিলেন তখন কিছু মাদক চক্রকে ধরিয়েছিলেন, তাদের মধ্যে এ অপরাধীদের দুইজন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, উপাচার্য স্যার ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ সভার করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তার ছেলে-মেয়েই ক্লাস ৬-৭ এ পড়ে, যদি ছেলে-মেয়েই না থাকে তাহলে টাকা দিয়ে কী করব? আমরা চাই, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক।

শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, অপ্রতিমের এ হত্যা পুরো বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি অপরাধীদের শাস্তি না হয়, তাহলে হয়ত আরও অনেক অপ্রতিম এমন নৃশংস হত্যার শিকার হতে হবে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে