নারায়ণগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ২৮

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় খাজা সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে ২৮ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পেয়ে খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করি। আমাদের কাছে খবর ছিল, এখানে প্রতিদিন টাকা-পয়সা দিয়ে অবৈধভাবে জুয়া খেলার আসর বসতো। আটকদের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারায়ণগঞ্জে এসে কলকারখানায় চাকরি করে এবং অবসরে এখানে এসে জুয়া খেলতো।’

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। এটা একটা সামাজিক অবক্ষয়। যারা এখানে আসে তাদের অনেকেই পরিবারসহ এখানে থাকে না। তারা এখানে চাকরি করে। কিন্তু পরিবারের কাছে টাকা না পাঠিয়ে, সন্তানদের পড়ালেখার খরচ না দিয়ে জুয়া খেলে টাকা নষ্ট করে। যা সামাজিক অবক্ষয়।  আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।