কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়লো

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কাঁচাপাট রপ্তানিকারকদের বিরূপমানে শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা যাবে।

সার্কুলারে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধানে এর আগে ২০২২ সালের ৭ জুলাই, ২০২৫ সালের ১৩ অক্টোবর এবং চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিভিন্ন সার্কুলার ও নির্দেশনা জারি করা হয়। এসব নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল।

এর আগে শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ জুন। তবে কাঁচাপাট রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ ও অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করতে পারেননি বলে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য আসে।

এ অবস্থায় কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত এসএস (সাব-স্ট্যান্ডার্ড), ডিএফ (ডাউটফুল) ও বিএল (ব্যাড লস) ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনঃতফসিল সুবিধার জন্য ব্যাংকে আবেদন করা যাবে।

তবে শুধু আবেদন করলেই পুনঃতফসিলের সুবিধা পাওয়া যাবে না। নির্ধারিত ডাউন পেমেন্টসহ সংশ্লিষ্ট সব শর্ত পূরণ করতে হবে। এ সার্কুলারের আওতায় পাওয়া আবেদনগুলো প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে শুধু সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগের সার্কুলার ও নির্দেশনাগুলোতে থাকা অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে আগের নির্ধারিত শর্ত ও প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।