স্লিপ রিঙ্কেল ত্বকের অদৃশ্য শত্রু, ঘুমের সময় যে সতর্কতা জরুরি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

আট ঘণ্টার একটি আরামদায়ক ঘুম শেষে সকালে উঠে যখন আয়নায় তাকালেন, তখন মুখভর্তি বালিশের ভাঁজের দাগ দেখে মনটাই খারাপ হয়ে যেতে পারে। অনেকে হয়তো ভাবেন, কিছুক্ষণ পরেই এই দাগ তো মিলিয়ে যাবে, তাই বিষয়টি নিয়ে খুব একটা ভাবেন না।

কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের এই অবহেলাই ত্বকের গভীরে এক বড় বিপদ ডেকে আনে। ঘুমানোর সময় বালিশের চাপে ত্বকের কোলাজেন ভাঙতে ভাঙতে এই সাময়িক দাগগুলোই একসময় স্থায়ী বলিরেখায় পরিণত হয়। সৌন্দর্যচর্চার দুনিয়ায় একে বলা হয় ‘স্লিপ রিঙ্কেল’ ।

ঘুমের সঠিক পজিশন নির্বাচন

​স্লিপ রিঙ্কেল এড়ানোর সবচেয়ে সেরা উপায় হলো চিত হয়ে ঘুমানো। এতে মুখের ত্বক বালিশ বা অন্য কোনো পৃষ্ঠের সংস্পর্শে আসে না। যদি পাশ ফিরে না ঘুমালে একেবারেই ঘুম না আসে, তবে মাথাটি বালিশের এমন স্থানে রাখুন যেন মুখের নিচের অংশ বা পুরো মুখ বালিশের বাইরে অর্থাৎ শূন্যে ভেসে থাকে। এতে ত্বকে চাপ কম পড়বে।

প্রতিরোধের সহজ কৌশল

​সুতির বালিশের কভার ত্বকে অতিরিক্ত চাপ ও টান তৈরি করে, যা স্লিপ রিঙ্কেলের অন্যতম কারণ। তাই এর বদলে সিল্ক বা স্যাটিনের কভার ব্যবহার করুন। এগুলো অত্যন্ত মসৃণ ও কোমল হওয়ায় ত্বকে কোনো ঘর্ষণ হতে দেয় না। ঘুমের জন্য কিছুটা শক্ত বা ফার্ম বালিশ বেছে নিতে পারেন, যাতে মুখ বালিশের ভেতর ডেবে না যায়।

ঘুমের সময় ত্বকের নিজস্ব আর্দ্রতা ধরে রাখতে এবং বালিশের চাপ থেকে ত্বককে বাঁচাতে আল্ট্রা-ময়েশ্চারাইজিং উপাদানে তৈরি ভারী ফর্মুলার নাইট মাস্ক বা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। এটি ত্বককে গভীরভাবে পুষ্ট রাখবে এবং বলিরেখা দূর করতে সাহায্য করবে।