উত্তর বাড্ডায় পানির তীব্র সংকট, নতুন পাম্প বসাতে জায়গা নেই

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

পানির তীব্র সংকটে পড়েছেন রাজধানীর উত্তর বাড্ডার ময়নার বাগের বাসিন্দারা। একদিকে একের পর এক বহুতল ভবন, অন্যদিকে বাড়ছে মানুষের বসবাস। কয়েক বছর আগেও যে এলাকায় তুলনামূলক কম মানুষ বসবাস করতেন, সেখানে এখন গড়ে উঠেছে অসংখ্য আবাসিক ভবন। কিন্তু সেই অনুপাতে বাড়েনি পানি সরবরাহের সক্ষমতা। ফলে পানির তীব্র সংকটে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।

এলাকাটির পানি সরবরাহের বড় ভরসা এখন মাত্র একটি ছোট ডিপ টিউবওয়েল। ছোট জায়গায় বসানো ওই পাম্প দিয়েই ময়নার বাগের বিস্তীর্ণ এলাকায় পানি সরবরাহের চেষ্টা করছে ঢাকা ওয়াসা। অথচ আশপাশে গত কয়েক বছরে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভবন নির্মাণ ও জনসংখ্যা বাড়লেও পানির অবকাঠামো সেই অনুপাতে বাড়েনি। ফলে অনেক সময় পর্যাপ্ত পানি পাওয়া যায় না। বিশেষ করে চাহিদার সময়ে সংকট আরও তীব্র হয়ে ওঠে।

ময়নারবাগ ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ডিএনসিসির তথ্য অনুযায়ী, এ ওয়ার্ডের আওতায় উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডা, পূর্ব ও পশ্চিম মেরুল বাড্ডাসহ বিস্তৃত এলাকা রয়েছে। পানি সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার মডস জোন-৮-এর আওতাও বাড্ডা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা।

জায়গা নেই, তাই নতুন পাম্পও নেই

ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ময়নার বাগে নতুন পাম্প বসানোর প্রয়োজন থাকলেও পাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যাচ্ছে না। এলাকার বাড়ির মালিকেরা নিজেদের ভবনে পানি চান, কিন্তু পাম্প স্থাপনের জন্য জায়গা দিতে আগ্রহী নন। ফলে নতুন ডিপটিউবওয়েল স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে জায়গার সংকটে পড়তে হচ্ছে ওয়াসাকে।

অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন জমিতে পাম্প বসাতে গেলে জমির মালিকের সম্মতি প্রয়োজন। ঘনবসতিপূর্ণ এলাকায় সরকারি বা ওয়াসার নিজস্ব খালি জায়গাও খুব সীমিত। ফলে অবকাঠামো সম্প্রসারণের সুযোগও কমে গেছে। এ অবস্থায় একটি ছোট জায়গায় থাকা পাম্প দিয়েই বড় এলাকার চাহিদা সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ওয়াসা।

ময়নার বাগের বাসিন্দাদের অভিযোগ, পানি সরবরাহে অনিয়ম হলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন বহুতল ভবনের বাসিন্দারা। কারণ প্রতিটি ভবনের নিজস্ব রিজার্ভার থাকলেও পর্যাপ্ত পানি না এলে তা পূরণ হয় না। তখন রান্না, গোসল, কাপড় ধোয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজেই সংকট দেখা দেয়।

ময়নার বাগের এক বাসিন্দা হাসানুজ্জামান জাগো নিউজকে মুঠোফোনে বলেন, এলাকায় আগে এত ভবন ছিল না। এখন চারদিকে বহুতল ভবন হয়েছে। মানুষ বেড়েছে, কিন্তু পানির ব্যবস্থা আগের মতোই আছে। পানি না এলে বাসায় ঠিকমতো রান্নাও হয় না। অথচ আমরা ওয়াসাকে নিয়মিত বিল দিই। তাই পানি পাওয়া আমাদের অধিকার। জায়গা না পাওয়ার কারণে যদি নতুন পাম্প বসানো না যায়, তাহলে ওয়াসা ও স্থানীয় বাড়ির মালিকদের বসে সমাধান বের করতে হবে।

ময়নার বাগে একটি বহুতল ভবনে ভাড়া থাকেন বেসরকারি চাকুরে আরিফুল ইসলাম। তিনি বলেন, অনেক সময় সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় ফিরে হাত-মুখ ধোয়ার পানি পাই না। বাথরুমে বালতিতে পানি রেখেও সংকট কাটে না। এখন মনে হয়, বাসায় থাকতে হলে বড় পানির ট্রাম কিনতে হবে। যখন পানি আসবে, তখন পানি ভরে রাখবো।

ময়নারবাগ এলাকাটি ঢাকা ওয়াসার মডস জোন-৮-এর আওতায়। কিন্তু এ বিষয়ে জাগো নিউজে কোনো মন্তব্য করতে রাজি হননি এ জোনের নির্বাহী প্রকৌশলী অনুপম কুমার মণ্ডল।