ইসলামী আন্দোলন • মক্কা-মদিনাকে সব ধরনের যুদ্ধ-বিগ্রহের ঊর্ধ্বে রাখতে হবে

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

মুসলিমদের পবিত্র শহর মক্কা ও মদিনাকে সব ধরনের রাজনৈতিক সংঘাত, হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পবিত্র মদিনা শরিফের একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার যে অভিযোগ উঠেছে, তাতে মুসলিম উম্মাহর মতো আমরাও উদ্বিগ্ন হয়েছি এবং হারামাইনকে রাজনৈতিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, মক্কা ও মদিনাকে সব ধরনের রাজনৈতিক সংঘাত, হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের ঊর্ধ্বে রাখতে হবে।’

রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তারা হামলার কথা অস্বীকার করেছে। আমাদের পক্ষে সত্যতা যাচাই করার সুযোগ কম। আমরা কেবল এই নিশ্চয়তা চাই যে, হারামাইনকে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করছে না।’