চুরির অভিযোগে পিটুনিতে নিহত ১, বাঁওড়ে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরো ১

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
যশোর সদর উপজেলায় আলমসাধু চুরির অভিযোগে পিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামের আরো একজন আহত হয়েছেন।

এ ছাড়া জীবন বাঁচাতে বাঁওড়ের পানিতে ঝাঁপ দিয়ে আল আমিন (৪০) নামের আরেক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

রবিবার (১১ অক্টোবর) সকালে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালাচ্ছে। শনিবার গভীর রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান জানান, যশোরের নারাঙ্গালী গ্রাম থেকে স্যালোমেশিনচালিত একটি ভ্যান (আলমসাধু) চুরি হলে স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে আটকানোর চেষ্টা করেন। এসময় দুজনকে ধরে মারধর করা হয়। এতে মিজানুর রহমান নিহত এবং মনিরুজ্জামান আহত হন। অন্যদিকে, ধাওয়া ও মারধরের সময় জীবন বাঁচাতে আল আমিন বাওড়ের পানিতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি (কালিয়াকৈর) গ্রামের বাসিন্দা। আহত মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। নিখোঁজ আল আমিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি নিহত মিজানুর রহমানের ভায়রা ভাই।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত মনিরুজ্জামান ওই হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ আল আমিনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে।