চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

 

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা।

কুমিরা এলাকায় এলে বাসটিতে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরো ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।