খুলনায় ৩ দিনের মাথায় মোটরসাইকেলে এসে আরেক যুবদল নেতাকে গুলি

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৫) নামের যুবদলের এক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।

 

গুলিবিদ্ধ সোহেল শেখ উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি গনি শেখের ছেলে এবং আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ২০ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং সোহেলের শারীরিক অবস্থা কেমন—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুজ্জামান বলেন, দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলির কারণ এবং অপরাধীদের সনাক্তের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে রামিম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।