আগামী বছর থেকে শনিবারও খোলা থাকতে পারে স্কুল

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

আগামী বছর থেকে রমজানের ছুটি সমন্বয় করতে প্রয়োজনে সারা বছর শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ইঙ্গিত দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সব মতের মানুষের বিশ্বাস ও চিন্তা-চেতনার প্রতি সম্মান রেখে পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে মন্ত্রণালয়। রমজানের ছুটি সমন্বয় করতে আগামী বছর থেকে প্রয়োজনে সারা বছর শনিবার স্কুল খোলা রাখা যেতে পারে।

পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু এই বছর বিষয়টি এসেছে, আমরা আগামীতে চেষ্টা করবো এই বিতর্ক এড়াতে। বছরে ৫২টি শনিবার আছে। এ দিনগুলোতে বিদ্যালয় খোলা রেখে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস চলছে তা বন্ধ করার চেষ্টা করবো। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো, যেন আদালতে গিয়ে মিথ্যা গুছিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে এ ধরনের অপচেষ্টা কেউ আর না করতে পারে।

এর আগে রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন ও মাধ্যমিক রমজানে ১৫ দিন খোলা থাকে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সারাদেশের কলেজগুলো রমজানে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখা হয়েছিল।

এছাড়া রমজান উপলক্ষে মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়।