ঢাকা ও কলকাতায় একই দিনে আসছে ‘পদাতিক’ প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ বাংলাদেশ এবং ভারতে একই দিনে মুক্তি পাচ্ছে প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে তৈরি সিনেমা ‘পদাতিক’। আগামী ১৫ অগাস্ট এই বায়োপিক যে ভারতে মুক্তি পাচ্ছে, সে খবর এসেছিল আগেই। এবার প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, একই দিনে বাংলাদেশের হলেও ‘পদাতিক’ আসছে। এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সিনেমাটি বাংলাদেশে আমদানি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রোববার গ্লিটজকে বলেন, “আমাদের দেশের অভিনেতার সিনেমা এটি, আমাদের দেশের দর্শকও যেন একই দিনে (১৫ অগাস্ট) সিনেমাটি দেখতে পারে, তাই সিনেমাটি আমদানির উদ্যোগ নিয়েছি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি, অনুমতি পেলে সিনেমাটি একই দিনে মুক্তি দেওয়া হবে।” এর আগে বিভিন্ন সময়ে আমদানি করা সিনেমার ক্ষেত্রে দেখা গেছে মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন সিনেমা মুক্তিতে বাধা দিয়েছে। ‘পদাতিকের’ ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, “বাংলা সিনেমার ক্ষেত্রে এত কিছু লাগে না। মন্ত্রণালয় থেকে অনুমতি হলেও হয়। তাই কোনো বাধা পাওয়ার আশঙ্কা আমরা করছি না।” গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন সৃজিত, সিনেমার নাম ‘পদাতিক’। এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সিনেমার টিজার। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’। SHARES বিনোদন বিষয়: পদাতিকমৃণালসেনকে