যে কারণে রংপুরের জয়রথ থামাতে পারছে না কেউ প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ এবারের বিপিএলে দুরন্ত-দুর্বার রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের শৌর্য-বীর্যের সাথে কুলিয়ে উঠতে পারছে না কোনো দল। রংপুরের জয়রথ ছুটে চলেছে উল্কার মতো। ৮ খেলার সবকটিতে জিতে রংপুর শুধু পয়েন্ট টেবিলের শীর্ষেই নয়, একমাত্র দল হিসেবে সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। ভাবছেন, রংপুর টানা ৮ খেলায় অপরাজিত, কোনো দল শক্তিতে পেরে উঠছে না সোহান বাহিনীর সাথে; তাহলে হয়তো সেই দলের ব্যাটার ও বোলাররাও রান সংগ্রহ ও উইকেট শিকারেও সবার ওপরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাস্তবে তা হয়নি। রান সংগ্রহে এক নম্বর পজিশন তো বহুদূরে, শীর্ষ পাঁচেও নেই রংপুর রাইডার্সের কোনো ব্যাটার। এখন পর্যন্ত রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হলেন খুশদিল শাহ। পাকিস্তানের এই মিডল অর্ডার কাম স্পিনার খুশদিল শাহ ৮ খেলায় ২৭৪ রান করে রান সংগ্রহে ৭ নম্বরে আছেন। এছাড়া শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে রংপুরের আর কেউ নেই। ৮ খেলায় ২৪৫ রান করে ১১ নম্বরে আছেন সাইফ হাসান। এখন পর্যন্ত যে ৭টি সেঞ্চুরি হয়েছে, সেই সেঞ্চুরিয়ানের তালিকায় আছেন মাত্র একজন রংপুর ব্যাটার (অ্যালেক্স হেলস)। রান সংগ্রহে সেরা পাঁচে কেউ না থাকলেও প্রথম ১৫ জনের মধ্যে অবশ্য রংপুরের ৪ ব্যাটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন খুশদিল শাহ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস (৬ খেলায় ২১৮) এবং ইফতেখার আহমেদ (৮ খেলায় ২০৭)। সে তুলনায় বোলিংয়ে রংপুরের বোলারদের পারফরম্যান্স তুলনামূলক ভালো। রান সংগ্রহে সেরা পাঁচে রংপুরের কোনো ব্যাটার না থাকলেও উইকেট শিকারে সেরা ৫ বোলারের তালিকায় রংপুর রাইডার্সের ২ জন আছেন। তারা হলেন-আকিফ জাভেদ ও খুশদিল শাহ। ২৪ বছর বয়সী বাঁহাতি আফগান পেসার আকিফ জাভেদ ৬ খেলায় ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারে তৃতীয়। ১৭ জানুয়ারির শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন আকিফ। ঠিক তার আগের খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। SHARES ক্রিকেট বিষয়: রংপুররাইডার্স