রাতে ইউসিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-সিটি

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত কোনো পর্বে দেখা হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির। কিন্তু ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় চলতি মৌসুমে দল দুটির অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, তাদের প্লে-অফ খেলতে হচ্ছে। অথচ সর্বশেষ ২০২৩-২৪ ইউসিএলের চ্যাম্পিয়ন রিয়াল এবং তার আগের ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন সিটি। শেষ ষোলোর টিকিট নিশ্চিতের লক্ষ্যে তারা আজ (মঙ্গলবার) প্লে-অফের প্রথম লেগে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। যেখানে সিটি জয় পেয়েছে ৪ ম্যাচে আর রিয়ালের জয়ের সংখ্যা তিন। ড্র হয়েছে পাঁচটি ম্যাচ। অর্থাৎ, প্রায় সমানে সমান লড়াইয়ের নজির রয়েছে রিয়াল-সিটির। কেবল তাই নয়, সর্বশেষ তিন মৌসুমে এই দুই দলের মধ্যে জয়ী দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উদযাপনে মেতেছে। তাই বলা চলে ফাইনালের আগেই আরেকটি ফাইনালের উত্তাপ দিতে যাচ্ছে সিটি-রিয়ালের দ্বৈরথ!

চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর। যেখানে সিটি-রিয়ালের কেউ সেরা আটে জায়গা নিতে পারেনি। কেবল তাই নয়, পেপ গার্দিওলার সিটি একপর্যায়ে বাদ পড়ার শঙ্কায়ও ছিল। যদিও শেষ পর্যন্ত টেবিলের ২২ নম্বরে থেকে আশা বাঁচিয়ে রাখে ইংলিশ জায়ান্টরা। কার্লো আনচেলত্তির রিয়ালও ইউসিএলে তাদের দাপুটে অবস্থানের বিপরীত পারফর্ম করেছে এবার। অবশ্য শুরুতে ধুঁকলেও শেষটা ভালোই করেছে। লস ব্লাঙ্কোসরা লিগ পর্ব শেষ করে টেবিলের ১১ নম্বরে থেকে।